সরাসরি বিয়েটাই করতে চেয়েছি : টয়া

অনেকটা হুট করেই বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার প্রিয় দুই তারকা মুমতাহিনা চৌধুরী টয়া ও সাঈদ জামান শাওন। টয়ার বিয়ে নিয়ে কয়েক বছর বেশ কানাঘুষা হলেও, শাওনের সঙ্গে তার কোনো সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত কোনো কথা ওঠেনি। তাই শাওনের সঙ্গে বিয়ের খবরে ভক্তরা একদিকে যেমন খুশি হয়েছেন, অন্যদিকে খানিকটা চমকেও গেছেন। শাওন আর টয়া আরও চমক রেখেছেন বিয়ের তারিখে। লিপইয়ারে বিয়ে করেছেন তারা। টয়া বলেন, ‘প্রতি বছর ২৯ ফেব্রুয়ারি আসে না। চার বছর পরপর আসে। তাই লিপইয়ার একটা বিশেষ বিষয়। আমরা চেয়েছি লিপইয়ার-কাপল হতে। তাই পরিকল্পনা করেই এদিন বিয়ে করেছি।’

নতুন এই তারকা দম্পতি এখন সিলেটে। বলা যায়, ছোট পরিসরের হানিমুনে গেছেন তারা। টয়া জানালেন, গতকাল তারা সিলেটে গেছেন। আবার ফিরে আসবেন আগামীকাল। তার পরদিন থেকে আবার দুজনই শ্যুটিং শুরু করবেন। মজার বিষয় হলো বিয়ের পর দুজনের প্রথম শ্যুটিং হবে একই নাটকের মাধ্যমে। এনটিভিতে প্রচার হচ্ছে তাদের অভিনীত ‘পরের মেয়ে’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। হাবিব শাকিল পরিচালিত এই নাটকের শ্যুটিংয়ে শাওন-টয়া অংশ নেবেন ৪ ও ৫ তারিখ। হানিমুন এত ছোট পরিসরে কেন, জানতে চাইলে টয়া বলেন, ‘আসলে হানিমুন নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে। ১৫ দিনের সফরে পশ্চিমা বিশে^র কোনো দেশে যাব। তবে কোন দেশে যাব তা এখনো ঠিক করিনি।’ তিনি আরও বলেন, ‘সবকিছু খুব দ্রুত করেছি বলে হলুদ, বিয়ে, হানিমুন সবই আপাতত ছোট পরিসরে করেছি। হলুদ ও বিয়েতে শুধু আমাদের দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। শোবিজের বন্ধু বলতে শুধু সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব আর সাফা কবির উপস্থিত ছিলেন। কিন্তু পরিকল্পনা আছে, এ বছরের ডিসেম্বরে বড় পরিসরে রিসেপশন অনুষ্ঠান করার। তখন শোবিজের সব বন্ধু-সহকর্মীদের দাওয়াত করব।’

শাওনের সঙ্গে টয়ার পরিচয় ছয় বছর আগে হলেও গেল বছর কোরবানির ঈদে একটি শর্টফিল্ম করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে ভালো লাগা শুরু। দুজনই বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তাই তারা সিদ্ধান্ত নেন, প্রেম করে সময় নষ্ট করবেন না। কোনো সম্পর্কে জড়ালে সেটা হবে বিয়ের সম্পর্ক। চার মাসের মাথায় পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা হয়। শাওনের জন্মদিন ২৮ জানুয়ারিতেই হয় তাদের বাগদান অনুষ্ঠান। এত কিছু হয়ে গেলেও দুজন কিছুই বুঝতে দেননি কাউকে।

লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার-২০১০-এর সেরা ৫-এ ছিলেন টয়া। এরপর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে তারকাখ্যাতি পান। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। শাওনও ইতিমধ্যে ছোট পর্দার শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও শাওনের মূল পেশা ভিন্ন। তিনি বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু হিসেবে কাজ করছেন। শাওনের কোন দিনকটি সবচেয়ে ভালো লেগেছে জানতে চাইলে টয়া বলেন, ‘আসলে প্রতিটি মেয়ে চায় জীবনসঙ্গী তার প্রতি সৎ ও যত্ন বান হোক। শাওনের মধ্যে এই দুটি গুণই প্রবল। তাই তাকে আমার বন্ধুর চেয়ে বেশি ভালো লাগতে শুরু করে। মজার বিষয় হলো আমার চেয়ে সে আমার পরিবারের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে (হাহাহা)।’