বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন

বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল খেলার মাঠে এ উপলক্ষে জমকালো কনসার্টের আগে মাল্টি ডিসিপ্লিন গেমসটির উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সভাপতিত্ব করেন অনুষ্ঠানের।

৬৮৭টি পদকের জন্য সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই গেমসে। এর মধ্যে নারী ক্রীড়াবিদ থাকছেন ১২শ’। মোট ১২টি ডিসিপ্লিন হচ্ছে- অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডি। শেষ দু’টি ডিসিপ্লিন এবারই প্রথম যোগ হয়েছে এই গেমসে। সেরা পারফর্ম করা বিশ্ববিদ্যালয় পাবে সেরার স্বীকৃতি। একজন করে নারী ও পুরুষ হবেন গেমসের সেরা খেলোয়াড়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভেন্যুতে দেড়মাসব্যাপী চলবে এই গেমস। ১৮ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোলারের পৃষ্ঠপোষকতায় এই গেমসটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে স্পেলবাউন্ড লিও বার্নেট।