ফেনসিডিলসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ দুজনকে ১৩ বোতল  ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। গত শনিবার বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে তাদের ফেনসিডিলসহ আটক করেন ধরলা ক্যাম্পের সদস্যরা। তাদের বিরুদ্ধে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আটক ব্যক্তিদের একজন জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.খালেদ মোরশেদ টিটু (৩৪)। অন্যজন হলেন বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের যুগল চন্দ্র (৪০)। যুগল এর আগেও কয়েকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ জানায়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া কোম্পানি কমান্ডার আবুল হোসেন দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের জোংড়া ইউনিয়নের পশ্চিম পানিয়াটারি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ আটক করা হয়।