কালকিনিতে পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কর্তন

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে তারেক সরদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাম হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ সহপাঠীরা।

গতকাল রবিবার দুপুরে উপজেলার খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত তারেক বড়চর লক্ষ্মীপুর গ্রামের জাকির সরদারের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার খাশেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে দুপুরে তারেক কক্ষ থেকে বের হলে অন্য পরীক্ষার্থী ইরান ও ফুয়াদের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা ও হাতের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তারেককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত পরীক্ষার্থীর বাবা জাকির সরদার বলেন, প্রভাবশালী বাবুল আকনের নির্দেশে তার ভাতিজা ইরান ও ফুয়াদ মিলে তারেকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। আমি তাদের বিচার চাই।

অভিযুক্ত বাবুল আকন বলেন, পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা-ছাত্ররা মারামারি করেছে। আমার নির্দেশে করা হয়েছে এ কথা মিথ্যা ও অপপ্রচার। কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত।