নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন উপলক্ষে ছয় দিনব্যাপী উৎসব করছে আরণ্যক নাট্যদল। এরই অংশ হিসেবে শনিবার দলটি মঞ্চে এনেছে নতুন নাটক ‘কহে ফেসবুক’।
গতকাল নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়েছে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এটি আরণ্যকের ৬২তম প্রযোজনা। রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিনির্ভরতার এই যুগে মানুষের আঁতুড়ঘর থেকে কবরস্থান পর্যন্ত সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এই বেগময় অন্তর্জালীয় যোগাযোগব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর ব্যাপ্তি এবং ঘাত এতটাই তীব্র যে এর প্রভাব পরিবার, সমাজ সর্বোপরি মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে পরিণত করেছে জৈবিক রোবটে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ানির্ভর করপোরেট জগতের প্রতিটি মানুষ ও তাদের যাপিত জীবন তার চাক্ষুস উদাহরণ। অতি সহজে ও স্বল্প সময়ে সেখানে সবকিছু পাওয়া গেলেও একটি জিনিসের অভাব, সেটি হলো ‘স্পর্শ’। মানুষের চিরদিনের চাওয়া তো একটাই ছোঁয়া, স্পর্শ। তেমনই এক স্পর্শহীন জীবনের গল্পই ‘কহে ফেসবুক’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল হাসান, আরিফ হোসেন আপেল, জোবায়ের জাহিদ, তাজউদ্দিন তাজু, শফিকুল ইসলাম ইমরানসহ অনেকে।
গত ২৯ ফেব্রুয়ারি ৭২ বছরে পা রেখেছেন মামুনুর রশীদ। লিপ-ইয়ারের হিসাবে ১৮তম জন্মদিনের কেক কাটেন তিনি। মামুনুর রশীদের জন্মদিনের এই আয়োজনে আজ সোমবার জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে মামুনুর রশীদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় বাঙলা থিয়েটারের প্রযোজনা চে’র সাইকেল। দীর্ঘ বিরতির পর এই নাটকে অভিনয় করতে মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আগামীকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় সংক্রান্তি নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপনী হবে।