সংবাদপত্র হকার্স নেতাকে ট্রাকচাপা

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় সংবাদপত্র বিক্রেতা আবু সাঈদ (৪৮) নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু সাঈদ গ্রামের বাড়ি কাহালু উপজেলার জামগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। বয়ড়াদীঘি পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকচাপায় তার মাথাসহ মুখমণ্ডল থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল জানান, আবু সাঈদ মোটরসাইকেলযোগে শহরের বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করতেন। শনিবার বিকেলে তিনি গ্রামের বাড়িতে যান। ফেরার পথে ট্রাকচাপায় নিহত হন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বলেন, মুখম-লসহ মাথা থেঁতলে যাওয়ায় প্রথমে কেউ তাকে চিনতে পারেনি। পরে পকেটে থাকা পরিচয়পত্র দেখে নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়।

এদিকে গতকাল দুপুরে মাদারীপুরে ট্রলির ধাক্কায় শহীদুল মোড়ল (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে রাব্বী (১৬) ও ইমন নামে (১৭) ট্রাকচালক ও হেলপার নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আরিফ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে : মাদারীপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের : মাদারীপুরে ট্রলির ধাক্কায় শহীদুল মোড়ল নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের কুলপদ্বী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহীদুল সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিমারা এলাকার মৃত মনিরউদ্দিন মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরকুলপদ্বী এলাকার মিলন চৌধুরীর ইটভাটা থেকে একটি ইটবোঝাই ভ্যান কুলপদ্বীর দিকে যাচ্ছিল। কুলপদ্বী-চরকুলপদ্বী আঞ্চলিক সড়কের কুলপদ্বী বাজারের কাছাকাছি ভ্যানটি এলে পেছন থেকে আসা মাটিবোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা শহীদুলকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে প্রাণ গেল চালক-হেলপারের : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে রাব্বী ও ইমন নামে ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাব্বী চারিতালুক এলাকার মজিবুর রহমানের ছেলে আর ইমন একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আরিফ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।