জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের ব্যাটিং ধরন নিয়ে কিছুটা প্রশ্ন উঠছে। ৪৩ বল খেলে ২ চারে মাত্র ২৪ রান করেন এই ওপেনার। শুধু এই ম্যাচ নয়, বেশ কিছুদিন ধরেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তামিমের ব্যাটিং ধরন মন ভরাচ্ছে না দর্শকরদের।
তবে সোমবার অভিজ্ঞ ব্যাটসম্যানের হয়ে ঢাল হলেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তামিমকে নিয়ে চিন্তার কিছুই দেখছেন না এই দক্ষিণ আফ্রিকান।
ক্যারিয়ারের শুরুতে তামিম ঝড় তুলতেন নিয়মিত। তবে সময়ের সাথে সাথে পরিণত করেন নিজেকে। কিন্তু ইদানীং ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে দেখা যায় না তাকে। বরং কোনো কোনো সময় একটু বেশিই ধীর খেলে ফেলছেন।
ম্যাকেঞ্জি অবশ্য বলছেন, ‘তামিম জানে তার কি করা দরকার। আমরা তার সঙ্গে কথা বলব। আমরা মনে করি তার আরো দুটি বাউন্ডারি দরকার। যখন সে এটা পাচ্ছেন বা কী করতে যাচ্ছেন, এটা তার পদ্ধতি। কেউ তামিমের জন্য ব্যাট করবে না। সে নিজেই নিজের জন্য ব্যাট করবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের ইনিংস নিয়ে ম্যাকেঞ্জির মত, ‘আমি এটিতে খুব ধীর বা দ্রুত ব্যাটিং হিসেবে দেখছি না। আমরা জানি এই প্ল্যাটফর্মে তিনি কতটা গুরুত্বপূর্ণ। সে মানসম্মত বোলিংয়ের বিপক্ষে ভালো শট খেলেছে। আমরা সম্ভবত পাওয়া প্লেতে একটা-দুইটা বাড়তি শট চাচ্ছিলাম। সে এটা কাভার করতে পারবে। আমরা জানি সে কি করতে পারে। আমরা গেল বছর বিপিএলে দেখেছি, যখন সে সেঞ্চুরি করল।’
তামিমকে ধীর খেলা বা দ্রুত খেলা এমন কোনো নির্দেশনা দেওয়ার ব্যাপারে ম্যাকেঞ্জি বলেন, ‘সে তার গেম প্ল্যান সম্পর্কে জানে। আমরা এখানে স্কুলশিক্ষক নই। আমরা কাউকে বলতে পারি না কী শিখতে হবে বা কী করতে হবে। আমরা আমাদের মতামত, ভাবনা এবং টেকনিক্যাল উপদেশ দিই। এরপর এটি খেলোয়াড়দের ওপর নির্ভর করে সে কীভাবে তা প্রয়োগ করবে।’
তামিমের মতো ক্রিকেটারের জন্য উপদেশ খুব জরুরি বলেও মনে করেন তা ম্যাকেঞ্জি, ‘আমরা কোনো তরুণের কথা বলছি না। আমরা একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কথা বলছি। আমাকে বিশ্বাস করুণ। আপনারা বা আমাদের যে কারো আগে সে জানে, সে ভুল করেছে। তামিম সব সময় নিজেকে চাপ দেয়। সে তার উইকেটকে অনেক মূল্য দেয়। এটিই তাকে সফল করেছে।’
তামিম একটা-দুইটা বাউন্ডারি বেশি পেলেই পরিস্থিতি বদলে যাবে বলে মনে করেন ম্যাকেঞ্জি, ‘এটা হয়তো এক বা দুই বলের ব্যাপার। যদি সে এক বা দুইটি বেশি বাউন্ডারি পেয়ে যায়, তবে আপনারা সবাই তার পিছু ছাড়বেন।’