অবকাঠামো উন্নয়নে বন্ড চায় ডিসিসিআই

দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়নে অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি বন্ড ইস্যুর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার হাবের প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি বলেছে, ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের অবকাঠামো বিশেষ করে সড়ক, জল ও রেলপথ, বন্দর, জ্বালানি, টেলিকম খাতের উন্নয়নে প্রায় ৬০৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা প্রয়োজন। এ অর্থ সংস্থানে বন্ড ব্যবস্থা চালু প্রয়োজন। গতকাল পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, লন্ডনের পুঁজিবাজারে বাংলা বন্ড চালু হয়েছে, যা দেশি-বিদেশি উদ্যোক্তাদের মাঝে আসার সঞ্চার করেছে। বড় ধরনের অবকাঠামো প্রকল্পের অর্থায়নে বন্ড অনেক কার্যকর অবদান রাখবে।
এ সময় সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী, নূহের লতিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।