কৃষিজমির মাটি কাটা রোধে অভিযান

ফেনীতে ৯ ট্রাক জব্দ লাখ টাকা জরিমানা

ফেনীতে কৃষিজমির মাটি কাটা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত রবিবার রাতে জেলা প্রশাসনের তিনটি পৃথক দল এ অভিযান পরিচালনা করে ৯টি ট্রাক জব্দ ও ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের কঠোর ভূমিকায় ফেনীতে মাটি কাটা চক্রগুলো বেকায়দায় পড়ে। দিনের বেলায় ফেনীতে মাটি কাটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। কিন্তু সুযোগ বুঝে গত কয়েকদিন ফেনীর বিভিন্ন এলাকায় রাতে কৃষিজমির মাটি কাটা শুরু করে একটি চক্র। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা রোববার রাতে লেমুয়া ইউনিয়নে মাটি পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করেন এবং চালকদের লাইসেন্স ঠিক না থাকায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাস রাতে মোটবী ইউনিয়নের সাতসতি গ্রামে অভিযান চালিয়ে ২টি ট্রাক জব্দ করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান পাঁচগাছিয়া ইউনিয়নের আবুপুরে অভিযান চালিয়ে ৫টি ট্রাক জব্দ করেন।