জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন প্রথম ওয়ানডেতে নৈপুণ্য দেখানো পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও আশানুরূপ খেলতে না পারা পেসার মোস্তাফিজুর রহমান।
তাদের জায়গায় একাদশে ডাক পাওয়া দুই পেসার হলেন শফিউল ইসলাম ও আল-আমিন।গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কায় সবশেষ ওয়ানডে খেলেছিলেন শফিউল। আল আমিন ২০১৫ সালে সবশেষ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষেই।
বাংলাদেশ দল: লিটন দাস (উইকেটকিপার), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন
পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে একাদশেও। টসে আসেননি চামু চিবাবা। চোটের জন্য ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন একাদশে ফেরা শন উইলিয়ামস। বাদ পড়েছেন ক্রিস এমপোফু, ফিরেছেন চার্লটন টিশুমা। অসুস্থতার জন্য এই ম্যাচেও নেই ক্রেইগ আরভিন।
জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, ডনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন টিশুমা।