দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস লায়লা পারভীনের জামিন বাতিল করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান তাদের জামিন বাতিলের আদেশ দেন।
দুপুর ১টায় প্রতিবেদন লেখার সময় আউয়াল দম্পতি আদালতেই অবস্থান করছিলেন।
এদিকে আউয়াল দম্পতির জামিন বাতিল করার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি তাদের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া জেলা ব্যবসায়ী সমিতি তাদের সব দোকানপাট বন্ধ রেখেছে।
আউয়াল দম্পতির আইনজীবী কানাই লাল বিশ্বাস জানান, মামলাটি জামিনযোগ্য হলেও আদালত উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামিন বাতিল করেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার বলেন, জেলা আওয়ামী লীগকে ধ্বংস এবং দলে বিভক্তি সৃষ্টির জন্য এ ধরনের একটি আদেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের জরুরি সভা ডাকা হয়েছে।