কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহন আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে ভেড়ামারার হার্ডিঞ্জব্রিজ হতে গোলাপনগরগামী সড়ক সংলগ্ন মনি পার্কের প্রবেশ পথের কাঁচা রাস্তার উপর এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মোহন আলী দৌলতপুর উপজেলার দৌলতখালি পশ্চিম পাড়া গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপর তারা গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশ পাল্টা গুলি চালালে সবাই পালিয়ে যায়। পরে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ও গুলি উদ্ধার করে পুলিশ। পরে নিহত মোহন আলীর পরিচয় জানার পর পুলিশ জানতে পারে তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে দাবি করেন ওসি।

নিহত মোহন আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।