তামিমের রেকর্ড ইনিংসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ গড়ল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পুঁজি। ছাড়িয়ে গেল ঠিক আগের ম্যাচের রেকর্ডকেই।

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে এটিই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। আগের সংগ্রহটি ছিল ৬ উইকেটে ৩২১। ঠিক আগের ম্যাচেই যে স্কোর করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন তামিম ইকবাল খেলেছেন ১৫৮ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে এটিই ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ রানটিও ছিল তামিমের। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৯ সালে খেলেছিলেন ১৫৪ রানের ইনিংস।

এই ইনিংস খেলার পথে তামিম আরেকটি কীর্তি গড়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে গড়েছেন ৭ হাজার রানের মাইলফলক।

তামিম ছাড়া মুশফিকুর রহিম ৫৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও মোহাম্মদ মিঠুন অপরাজিত ৩২ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন চার্ল মুম্বা ও ডোনাল্ড তিরিপানো।