জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ‘থাকছেন না’ মুশফিক

সিলেটে এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ১-০ তে এগিয়ে থাকায় এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সে ক্ষেত্রে তৃতীয় ওয়ানডের দলে মুশফিকুর রহিম যে থাকছে না সেটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। প্রধান নির্বাচক জানিয়েছেন, তৃতীয় ওয়ানডের দল হবে পাকিস্তান সফরের কথা মাথায় রেখে।

মুশফিকুর রহিমের সঙ্গে আগের দিন আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও কোচ রাসেল ডমিঙ্গো। মুশফিক যে বৈঠকে সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তৃতীয় দফার পাকিস্তান সফরেও যাচ্ছেন না।

দ্বিতীয় ওয়ানডের ইনিংস বিরতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সাথে ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও।

মুশফিক প্রসঙ্গে নান্নু বলেন, ‘এই সিরিজের পরই যেহেতু পাকিস্তান সফর রয়েছে, তাই আমরা মুশফিকের সঙ্গে বসেছিলাম। নিশ্চিত হওয়ার জন্য যে পাকিস্তানে যাবে কিনা। ও সরাসরি বলে দিয়েছে, যাবে না। এখন না গেলে ওয়ানডে ও টেস্টের জন্য আমাদের সেভাবে চিন্তা করতে হবে।’

এদিকে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, পাকিস্তান সফরে না গেলে মুশফিককে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি ঠিক নয় বলে জানান নান্নু।

তৃতীয় ওয়ানডের দল প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা একটা চিন্তাভাবনা করেছি। পাকিস্তানে যেহেতু আমাদের একটা ওয়ানডে আছে, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে যদি ২-০ হয়ে যায়, তবে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানে যে দলটা খেলবে ওই দলটাকে আমরা খেলানোর চিন্তা করছি।’

বাংলাদেশ দল তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে। ৫ এপ্রিল থেকে একই ভেন্যুতে হবে টেস্ট।