খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ নিয়ে বিবৃতি দিয়েছে বিজিবি। মঙ্গলবার সকালের ওই সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজিবি রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানায়, 'অদ্য ০৩ মার্চ ২০২০ তারিখ (মঙ্গলবার) আনুমানিক ১১৪৫ ঘটিকায় (পৌনে ১২টা) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর বাজার হতে ১০০ গজ দক্ষিণে বিজিবি’র একটি টহল দল অবৈধ কাঠ পাচাররোধে ব্যবস্থা নিলে বেসামরিক স্থানীয় লোকজন বিজিবি টহল দলকে ঘিরে ধরে'।
তারা আরো জানায়, 'এতে বিজিবি টহল দল ও বেসামরিক জনগণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি, বিজিবির এক রাউন্ড ফাঁকা ফায়ার ও ধাক্কাধাক্কির রেশ ধরে এক পর্যায়ে বেসামরিক লোকজন বিজিবি’র অস্ত্র ছিনিয়ে নিয়ে অনিয়ন্ত্রিতভাবে গুলি বর্ষণ করে'।
তারা জানায়, 'আলোচ্য ঘটনায় বিজিবি’র সিপাহী শাওন ও ৫ জন বেসামরিক জনগনের গায়ে গুলি লাগে। ফলশ্রুতিতে বিজিবি সদস্য শাওন ও বেসামরিক ৪ জন মৃত্যুবরণ করে। এতদপ্রেক্ষিতে বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। আলোচ্য ঘটনার প্রেক্ষিতে উনারা পৃথকভাবে ঘটনা তদন্তের কার্যক্রম শুরু করেছেন। সামগ্রিক ঘটনাটি তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে'।