পাকিস্তান সফরের আগে ভাবনায় করোনাভাইরাস

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নাটক হয়েছে অনেক। শেষ পর্যন্ত অবশ্য তিন ধাপে পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দুই দফায় পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল।

তৃতীয় ও শেষ ধাপের সফরে একটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে এপ্রিলে ফের পাকিস্তানে যাবে টাইগাররা। তবে এ দফার সফরের আগে তৈরি হতে পারে নতুন জটিলতা। এবার অবশ্য নিরাপত্তা জনিত বিষয় নয়। পাকিস্তানে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়া ভাবাচ্ছে বিসিবিকে।

এরই মধ্যে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পাকিস্তানে। যার মধ্যে করাচিতে রয়েছে ২ জন। এই করাচিতেই ওয়ানডে ও টেস্ট খেলার কথা বাংলাদেশের।

করোনাভাইরাস এই মুহূর্তে পুরো বিশ্বেই আতঙ্কের নাম। করোনাভাইরাস আতঙ্কে এরই মধ্যে স্থগিত হয়েছে বেশ কিছু বড় ক্রীড়া আসর বা ম্যাচ। পাকিস্তানে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ১৩ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে করাচিতে।

এ অবস্থায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলছেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের সুরক্ষাই সবচেয়ে বড়। আমরা এ বিষয়ে কোনো আপস করব না।’

সংবাদমাধ্যম ক্রিকবাজকে জালাল ইউনূস আরো বলেন, ‘আমরা এ বিষয়ে পিসিবির সঙ্গে কথা বলব। যদি দেখি এটা হুমকির হবে তবে আমরা পাকিস্তানে আমাদের দল পাঠাব না।’

হাতে সময় থাকার কারণে অবশ্য দ্রুতই কোনো সিদ্ধান্ত নিতে চান না বলেও জানিয়েছেন জালাল ইউনূস।

করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে ও ৫ এপ্রিল থেকে টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। টেস্ট ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।