করোনার জন্য লন্ডনে মার খেলেন সিঙ্গাপুরের যুবক

লন্ডনের অন্যতম ব্যস্ত একটি সড়কে মারধরের শিকার হয়েছেন সিঙ্গাপুরের এক যুবক। ভুক্তভোগী জানিয়েছেন, নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কথা বলে তাকে আক্রমণ করা হয়।

২৩ বছর বয়সী জোনাথন মক লন্ডনে লেখাপড়া করেন। ২৪ ফেব্রুয়ারি অক্সফোর্ড স্ট্রিটে রাত ৯টার দিকে তাকে ‘শারীরিক এবং মানসিক নির্যাতন’ করা হয়।

ফেইসবুক পোস্টে মক দাবি করেন, তিন-চারজন ছেলের সঙ্গে একজন মেয়ে তার মুখে ঘুষি মারার আগে কভিড-১৯ নিয়ে কিছু একটা বলতে থাকেন।

নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকলেও আক্রমণকারীরা থামেননি। তারা বলতে থাকেন, ‘তোর করোনাভাইরাস আমাদের দেশে চাই না।’

পুলিশ আসতে আসতে সবাই পালিয়ে যান।

হামলার শিকার হওয়ার পর ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করা লাগতে পারে।