শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘যত দিন বাংলা, বাঙালি থাকবে, তত দিন নজরুল আমাদের হৃদয়ে থাকবেন।’
শিক্ষামন্ত্রী বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে নজরুল তার কৃতিত্বের ছাপ রেখে যাননি। আমাদের মুক্তিযুদ্ধেও নজরুলের অনেক ভূমিকা ছিল।’
দীপু মনি বলেন, চাঁদপুরের সঙ্গেও নজরুলের সম্পর্ক ছিল। তিনি চাঁদপুরে এসেছিলেন এবং এখানে তার অনেক স্মৃতি রয়েছে। চাঁদপুরের আরেক কৃতী সন্তান ‘সওগাত’ সম্পাদক নাছির উদ্দিনের সঙ্গে তার সখ্য ছিল। নজরুলের স্মৃতি ধরে রাখতে অচিরেই এখানে একটি স্মৃতিফলক তৈরি করা হবে।
জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছড়াকার-শিশুসাহিত্যিক সাবেক সচিব ফারুক হোসেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জাক ভূঞা, কবি নজরুল ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক সচিব মো. আবদুর রহিম, চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন প্রমুখ।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।