করোনাভাইরাস

লন্ডনে জাতিগত বিদ্বেষের শিকার তরুণ

করোনাভাইরাস ভীতি থেকে উদ্ভূত জাতিগত বিদ্বেষের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। দুই বছর ধরে যুক্তরাজ্যে অধ্যয়নরত সিঙ্গাপুরের এক শিক্ষার্থীকে লন্ডনের রাস্তায় পিটিয়ে আহত করা হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরের ওই শিক্ষার্থী গত সোমবার এক ফেইসবুক পোস্টে আক্রান্ত হওয়ার কথা জানান। নিজের আহত অবস্থার ছবি দিয়ে সেখানে তিনি জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি হামলার মুখে পড়েন তিনি।

২৩ বছর বয়সী জনাথন মক নামের ওই শিক্ষার্থী ফেইসবুকে লিখেছেন, ওইদিন রাত সোয়া ৯টায় লন্ডনের ব্যস্ত এলাকা অক্সফোর্ড স্ট্রিটে তার ওপর হামলা চালায় একদল লোক। তখন হামলাকারীদের একজন ‘আমি আমার দেশে তোমার করোনাভাইরাস চাই না’ বলেই তার মুখে ঘুষি মারে। হামলায় তার মুখের কয়েক জায়গায় হাড় ভেঙেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে জনাথন মকের ওপর ‘জাতিগত বিদ্বেষপ্রসূত’ হামলার বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। পুলিশের ভাষ্য, সন্দেহভাজনদের ধরতে তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।