তৃতীয় ওয়ানডের দলে সৌম্য

বিয়ের পিঁড়িতে বসার সপ্তাহ না পেরোতেই সৌম্য সরকারকে জাতীয় দায়িত্ব পালন করতে ঘর ছেড়ে মাঠে নেমে পড়তে হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য গতকাল ঘোষিত দলে সৌম্যকে রেখেছেন নির্বাচকরা। আগে প্রথম দুই ওয়ানডের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল সেটির সঙ্গে কেবল তাকে যোগ করা হয়েছে। ১৬ সদস্যের দলে মুশফিকুর রহিমকেও রাখা হয়েছে। যদিও আগামীকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচে তাকে না খেলানোর কথা আগেই জানিয়েছে নির্বাচক কমিটি। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। কিন্তু মুশফিক পাকিস্তানে যেতে রাজি নন। টিম ম্যানেজমেন্ট চাইছে এখানে তৃতীয় ওয়ানডেতে সেই দল খেলুক যেটিকে খেলানোর সম্ভাবনা করাচিতে। সিলেটে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে ২-০তে লিডে আছে স্বাগতিকরা।

২৭ বছরের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য ওয়ানডেতে খুব ধারাবাহিক না হলেও গড়-স্ট্রাইক রেট মিলে গ্রহণযোগ্য একটা অবস্থানে আছেন। ৫৫ ওয়ানডে খেলে ২ সেঞ্চুরি আর ১১ ফিফটিতে ১৭২৮ রান তার। গড় ৩৩.৮৮। স্ট্রাইক রেট ৯৮.৫৭।

তৃতীয় ওয়ানডের দল : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।