মুষলধারে বৃষ্টিতে থই থই সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অনেকক্ষণ অপেক্ষার পরও শুরু করা গেল না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত ও ইংল্যান্ড মধ্যকার সেমি-ফাইনাল লড়াই। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। তাতে গ্রুপ পর্বে অপরাজিত থাকা হরমনপ্রীত কাউরের দল।
টুর্নামেন্টের সাতটি আসরের মধ্যেই এবারই প্রথম ফাইনালে উঠল ভারতীয় নারী দল।
সিডনিতে বুধবার মুষলধারে বৃষ্টির মধ্যে ভারত-ইংল্যান্ড মধ্যকার শেষ চারের লড়াইয়ের টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে অবস্থানে এগিয়ে থাকায় সেমি-ফাইনালে উঠল ভারত। চার ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে তারা।
আর ‘বি’ গ্রুপে চার ম্যাচের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড নারী দল। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয়স্থানে ছিল গত আসরের ফাইনালিস্টরা।
সেমি-ফাইনালে না খেলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়ায় হতাশ ইংল্যান্ড খেলোয়াড়রা। অনেককে কাঁদতেও দেখা গেছে।
সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখায় হতাশা প্রকাশ করলেন ইংল্যান্ড অধিনায়ক হিথার নাইট, “এটা খুবই হতাশাজনক ব্যাপার। আমরা চাইনি এভাবে আমাদের বিশ্বকাপ শেষ হোক। কোনো রিজার্ভ ডে নেই, খেলার কোনো সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া ম্যাচের জন্য মূল্য দিতে হলো আমাদের।”
সেমি-ফাইনালের জন্য রিজার্ভ ডে নিয়ে ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে একমত ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কাউরও- “এটা দুর্ভাগ্যজক। আমরা একটা ম্যাচ পাইনি। কিন্তু নিয়ম আমাদের অনুসরণ করতেই হবে। ভবিষ্যতে রিজার্ভ ডে রাখাটা হবে দারুণ আইডিয়া।”
একই ভেন্যুতে বুধবারই টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক, গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।