বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম নভেল কোরোনাভাইরাস। ভারতেও পাওয়া গেছে এই ভাইরাসের উপস্থিতি। প্রাণঘাতী এই ভাইরাসের লক্ষণ দেখা দিলে কী করতে হবে তা নিয়ে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসলেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা।
এক ভিডিও বার্তায় সানিয়া বলেছেন, “আপনারা জানেন দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। এর প্রাদুর্ভাব ঘটেছে চীনে আর জাতিসংঘের তথ্য অনুযায়ী এই রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমাদের আগাম ব্যবস্থা নিতে হবে। সর্দি-কাশি, জ্বরের মতো কিছু উপসর্গ রয়েছে, যদি মনে করেন সেই উপসর্গ আপনার রয়েছে, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।”
সানিয়া আরও বলেন, “একটি হেল্পলাইন (১০৪) রয়েছে, সেখানে ফোন করতে পারেন। নিয়মিত হাত ধুয়ে ফেলুন, উপসর্গগুলো আপনার দেখা দিলে ১৪ দিন নিজেকে আইসোলেশনে রাখুন।”
ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধুও জনসচেতনতায় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে মনে করলেই মানুষের উচিত অবিলম্বে হেল্পলাইনে ফোন করা।
চীনের উহান থেকে দুই মাস আগে ছড়াতে শুরু করে নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে পৌঁছেছে ৩ হাজার ২৮৩ জনে; আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি।
ভারতেও পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। এই ভাইরাসে আক্রান্ত দেশটিতে রোগীর সংখ্যা ৩০ জনের কাছাকাছি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনায় আক্রান্ত সন্দেহে ভারতে সাড়ে ২৮ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।