ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে দেশে ফেরা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সহিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি-না সেই ‘সন্দেহ’ থাকায় তাকে নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সকালে আখাউড়া স্থলবন্দরে প্রবেশের পর নো-ম্যানসল্যান্ডে সহিদ মিয়াকে পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। গায়ের তাপমাত্রা বেশি থাকায় সঙ্গে সঙ্গে তাকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ যানবাহনে না গিয়ে ওনাকে একটি গাড়িতে করে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। বিষয়টি হবিগঞ্জের জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, সহিদ মিয়া করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি গত ৬ ফেব্রুয়ারি তার পরিবারের পাঁচজনকে নিয়ে ভারতের আজমির শরিফ গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি দেশে ফিরে আসেন।
এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্তর কোনো সন্দেহ আমরা করছি না। সরকারি নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র চীন থেকে আসা কোনো ব্যক্তি জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হলে তাকে হাসপাতালের ‘আইসোলেশন বেড’ এ রাখতে হবে। এর বাইরে এমন কাউকে পাওয়া গেলে তিনি বাড়িতেই থাকবেন। তবে তার ব্যাপারে নিয়মিত তদারকি করা হবে।