আজ ৬ মার্চ। জাতীয় ডেন্টিস্ট দিবস হিসেবে দেশের বিভিন্ন স্থানে দিবসটি পালিত হচ্ছে। এটি পালনের মূল উদ্দেশ্য ডেন্টাল রোগীদের অনুমোদিত ডেন্টাল চিকিৎসক বেছে নেওয়া, কারণ মানবদেহের বিভিন্ন ব্যথার মধ্যে দাঁতের ব্যথা অন্যতম তীব্র ও অসহনীয়। এই ব্যথা উপশমের জন্য ডেন্টিস্টদের অবদানও স্বীকার করতেই হবে।
দেশে প্রায় তেরো হাজারের কাছাকাছি অনুমোদিত ডেন্টিস্ট থাকলেও অগণিত অবৈধ ব্যবসায়ী ডেন্টাল রোগের চিকিৎসা প্রদানের মতো দুঃসাহসিক কাজ করে যাচ্ছে। ডেন্টাল রোগ মানে কিন্তু শুধু দাঁতের রোগ নয়, এখানে অন্তর্ভুক্ত আছে মাড়ির রোগ, চোয়ালের হাড় ও হাড়ের জয়েন্টের রোগ, জিহ্বা, তালু, চোয়ালের ভেতরের অংশ, জিহ্বার নিচের অংশ বা ঠোঁটের যে কোনো ক্ষত বা ক্যানসার, লালা ও লালা গ্রন্থির রোগ, মুখের স্নায়ুরোগসহ মুখ গহ্বরের সব রোগ। এখানে যে কোনো রোগের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আমাদের দেশের জন্য একমাত্র বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টার সার্জারি) ডিগ্রিধারী ডেন্টিস্টদের। এর বাইরে কেউ ডেন্টাল চিকিৎসা দিলে সেটা আইনগত অপরাধ।
বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক
দীর্ঘ ৪ বছর কঠিন পরিশ্রম করে মানবদেহের সব স্বাভাবিক ও অস্বাভাবিক বিষয়, রোগের কারণ, প্রতিকার, চিকিৎসা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, শারীরিক কোনো রোগের সঙ্গে মুখের রোগের সম্পর্ক, চিকিৎসা চলাকালীন শারীরিক কোনো সমস্যার তৎক্ষণাৎ কারণ ও ব্যবস্থাপনাসহ চিকিৎসায় ব্যবহৃত সব পদার্থের গুণাবলি জেনে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। এরপর এক বছরের প্রশিক্ষণ। তারপর ডাক্তারদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নিবন্ধন করাতে হয়। প্রত্যেক চিকিৎসকের জন্য পৃথক নিবন্ধন নম্বর থাকে যেটা জানা রোগীর অধিকার আর সেই নম্বর থেকে বিএমডিসির ওয়েবসাইট থেকে ডাক্তারের বৈধতা নিশ্চিত হওয়া যায়। সুতরাং যে কেউ চাইলেই স্বল্প জ্ঞানে এই জটিল চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখে না।
ডেন্টিস্ট নিয়ে কেন সংশয়
২০০০ সালের আগে দেশে অনুমোদিত ডেন্টিস্টের সংখ্যা ছিল মাত্র এক হাজারের মতো। রোগীরা নিরুপায় হয়ে ভুয়া ও অবৈধ চিকিৎসকের শরণাপন্ন হতো। সে কারণেই বৈধ চিকিৎসকদের মানসিক স্বস্তির জায়গাটা স্পষ্ট ছিল না। অথচ বিশ্বে সেবাদানকারী পেশার মধ্যে ডেন্টিস্টি অন্যতম সেরা ও সম্মানীয়। বর্তমানে সারা দেশে প্রায় তেরো হাজার বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক এই বিশাল জনগোষ্ঠীর মুখ গহ্বরের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করছে।
চিকিৎসায় গবেষকরা নানাভাবে শরীরের অনেক জটিল রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, হাড়ক্ষয়, ফুসফুসে রোগ, অপরিণত গর্ভপাত, যৌনশক্তি হ্রাস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসসহ ক্যানসারের সঙ্গে মুখের রোগের যোগসূত্র খুঁজে পেয়েছেন। চিকিৎসকের পর্যাপ্ত জ্ঞানের অভাবে রোগীর রোগ জটিল হয়ে উঠতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং ডেন্টাল চিকিৎসাকে ছোট করে না দেখে ডেন্টিস্ট দিবসে অঙ্গীকার হোক নিরাপদ ডেন্টাল চিকিৎসায় ভরসা হোক বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক ।
ডা. মো. আসাফুজ্জোহা রাজ
রাজ ডেন্টাল ওয়ার্ল্ড, ধানমন্ডি ১৩
রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান
০১৯১১৩৮৭২৯১