বাসের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোতে আগুন, নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই প্রেমধন মজুমদার জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও এর কোনো যাত্রী তেমন আহত হননি।