রবীন্দ্র সংগীতের বিকৃতির জের: রবীন্দ্রভারতীর উপাচার্যের পদত্যাগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎ‍‌সবে ক্যাম্পাসে অশ্লীল ঘটনার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন সব্যসাচী রায়।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এই সময় এ তথ্য জানায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবারের দোল উৎসবের কিছু ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়।

এ ঘটনায় সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জড়িত পাঁচ ছাত্রছাত্রীকে শুক্রবার চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা সকলে বহিরাগত।

এই সময় জানায়, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সংগীতের বিকৃত কিছু লাইন নারীদের পিঠে আবির দিয়ে লেখা। এ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিক্ষাবিদ থেকে সাহিত্যিক, মনোবিদ থেকে রবীন্দ্রভারতীর অধ্যাপক বা অন্য কলেজের শিক্ষক নিন্দা জানিয়ে সরব হয়ে ওঠেন।

ঘটনার দায় নিয়ে শুক্রবার রাতে সব্যসাচী রায় নিজের পদত্যাগ পত্র রাজ্যপাল জগদীপ ধনকড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি এখনও উপাচার্যের পদত্যাগপত্র পাননি।