বউভাতের নৌকা ডুবে শিশু নিহত, কনেসহ নিখোঁজ ২০

রাজশাহীতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় বর-কনেসহ দুটি নৌকা ডুবে কনেসহ অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মরিয়ম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির এই ঘটনা ঘটে। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও উদ্ধার কাজ চলছিল।

নিহত মরিয়ম রাজপাড়া থানার মথুরা এলাকার রতন আলীর মেয়ে।

জীবিত অবস্থায় উদ্ধার হওয়া নৌকার যাত্রীরা জানান, দুটি নৌকার অন্তত ২০ জন আরোহী নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৭-৮ জন শিশুও আছে।

এদিকে নৌকাডুবির পর জীবিত অবস্থায় উদ্ধার হওয়া সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে রুমন আলীর (২৬) সঙ্গে রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলী মেয়ে সুইটি খাতুনের (২০) বিয়ে হয়।

শুক্রবার দুপুরের দিকে সুইটির আত্মীয়-স্বজনরা বর-কনেকে আনতে যায়। ফেরার পথে মাঝপদ্মায় নৌকা ডুবে যায়।

ঘটনার পর বর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বর রুমন আলী। তবে কনেসহ ২০ জন এখনো নিখোঁজ।

নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং স্বজনরা শ্রীরামপুর এলাকায় নদীপাড়ে ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেছে। বিজিবি সদস্যরাও স্পিডবোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছে। নদীপাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, দুটি নৌকায় ৩৫ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ১৭ জন নারী ও ৬ জন শিশু। সন্ধ্যায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।