‘১৬ বছর বয়সেই কাস্টিং'

কাউচের শিকার হয়েছি’ মিডিয়ার অনেক অভিনয়শিল্পীই কাস্টিং কাউচের শিকার হয়েছেন। এবার ভারতের এক অভিনয়শিল্পী কাস্টিং কাউচের কথা স্বীকার করলেন। জনপ্রিয় টেলি অভিনেত্রী রেশমি দেশাই সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় সম্পর্কে মুখ খুললেন। মাত্র ১৬ বছর বয়সে রেশমিকে শিকার হতে হয়েছিল কাস্টিং কাউচের।

রেশমি জানিয়েছেন, ‘আজ থেকে প্রায় ১৩ বছর আগে, বেশ অল্প বয়সেই আমি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি। তার আগে অবশ্য ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগসূত্র ছিল না আমার। একেবারেই নবাগত। সেই সময় সুরজ নামে এক ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়। আমি জানি না ও এখন কোথায় আছে বা কী করছে। প্রথম মিটিংয়েই ও আমার ‘স্ট্যাটিসটিকস’-এর বিষয়ে জানতে চায়। ওকে বললাম আপনি ঠিক কী জানতে চাইছেন, আমি বুঝতে পারছি না। তখনই ও আমায় যৌন হেনস্তা করার চেষ্টা করে।’ রেশমি আরও বলেন, ‘একদিন অডিশনের জন্য সুরজ আমায় ফোন করে। আমি সেখানে পৌঁছে দেখি সুরজ ছাড়া আর কেউ নেই ওখানে। নেই কোনো ক্যামেরাও। সেদিন ও আমার ড্রিঙ্কসে এমন কিছু মিশিয়েছিল যাতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি ক্রমাগত বলে যাচ্ছিলাম আমি এইসব করতে চাই না। তবুও ও শুনছিল না। প্রায় আড়াই ঘণ্টা পর আমি কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরি। বাড়িতে ফিরেই মাকে সবটা বলি। পরদিন মা ওর সঙ্গে দেখা করে ওকে চড়ও মেরেছিল।’

সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তে দেখা গেছে রেশমি দেশাইকে। এই শোয়ের পর রেশমির জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। আর এই মুহূর্তে কাস্টিং কাউচের বিরুদ্ধে রেশমির এই চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে নেট দুনিয়ায়।