মুজিববর্ষের নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নাম ব্যবহার করে তারা চাঁদাবাজি করছিল।

শুক্রবার চট্টগ্রামে নগরের কোতোয়ালী থানার নন্দনকানন এলাকার ‘থ্রিএ হোম স্কেচ’ নামে নির্মাণকারী একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে দুজন গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ রিয়াজ আহমেদ রাজু (৪০), মো. শাহজাহান (৪৫) ও বাটল বড়ুয়া ডানো (৩৮)।

শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, গত ২ মার্চ নগরের নন্দনকানর এলাকার সানমার বিল্ডিংয়ে ‘থ্রিএ হোম স্কেচ’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিক বিষয়টি থানা পুলিশকে জানায়।

পরে শুক্রবার বিকেলে তারা ওই প্রতিষ্ঠানে চাঁদা আনতে গেলে কৌশলে রিয়াজ ও শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে বাটুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ চাঁদাবাজির ঘটনায় জড়িত লিটন ও চান্দু ওরফে রনি নামে আর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বাটুল বড়ুয়া নিজেকে একতা যুব সংঘের সভাপতি এবং শেখ রিয়াজ আহমেদ সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে ‘স্বপ্নচূড়া’ ও ‘একতা যুব সংঘ’ নামে দুটি সংগঠনের প্যাড উদ্ধার করে পুলিশ। এসব প্যাডে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও এর পাশে টাকার পরিমাণ উল্লেখ আছে।

গ্রেপ্তারকৃতরা যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নাম ব্যবহার করে এসব চাঁদা দাবি করে।

এ ঘটনায় ‘থ্রিএ হোম স্কেচ’ এর অফিস সহকারী মধুসূদন দাশ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।