বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০ এর আনুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতার।

শনিবার ঐতিহাসিক ৭ মার্চের এই আয়োজনে সাইক্লিং ও ম্যারাথনে জয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সকালে হাতিরঝিলে ম্যারাথন দিয়ে শুরু হয় এই আয়োজন। ম্যারাথনে ছেলেদের বিভাগে স্বর্ণপদক জেতেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমিন। মেয়েদের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবিহা আল সোহা।

সাইক্লিংয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম রাসেল। সাইক্লিংয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাজনীন জাহান।

পুরস্কার বিতরণীর আগে বক্তব্য প্রদানকালে অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এমপি ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের আদর্শে তরুণদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেন, খেলাধুলার আয়োজনে বর্তমান সরকার সব সময়ই উদ্যোগী। অর্থমন্ত্রী নিজেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলাধুলায় অংশ নিতেন উল্লেখ করে বলেনে, ১০০ মিটার, হাই জাম্প, লং জাম্প নিয়মিত খেলেছি। সংগঠক হিসেবে দেশের ক্রিকেটসহ অন্যান্য খেলার প্রসারে কাজ করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, খেলাধুলায় আগ্রহী হয়ে যুবসমাজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বড় অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানের সিলভার স্পনসর জয়া স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই অর্থ পাঠানো হয় এবারের আয়োজনের পেমেন্ট পার্টনার নগদের মাধ্যমে।

পোলারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা এবার মুজিব বর্ষে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ১০১ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে লড়বে প্রায় ৬ হাজারের কাছাকাছি শিক্ষার্থী। এদের মধ্যে নারী ক্রীড়াবিদ থাকছেন ১২০০ জন।

এবারের আসরে সব মিলে থাকছে ১২টি ইভেন্ট। অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবলের সঙ্গে এবার নতুন করে যোগ হচ্ছে দাবা ও কাবাডি। সব মিলে ৬৮৭টি পদকের জন্য হবে ৪২টি পৃথক পৃথক প্রতিযোগিতা। এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়নের স্বীকৃতি। আর একজন করে পুরুষ ও নারী খেলোয়াড় পাবে সেরার পুরস্কার। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে হবে এবারের আসর।