চট্টগ্রামের ফটিকছড়িতে মুহাম্মদ ইউনুস (৩৮) নামের এক যুবক নিখোঁজের ৬ দিন পর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টায় উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন লেলাং খালের চরে বালি চাপা অবস্থা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ইউনুস উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের শহীদুল আজম চেয়ারম্যান বাড়ির মো. আবুল বশরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা শনিবার সকালে বালি চাপা অবস্থায় লাশের পাঁচ আঙুল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বিকেল ৩ টার দিকে লাশ উদ্ধারের পর নিহত ইউনুসের পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করে।
নিহত ইউনুসের ভাই বাহাদুর বলেন, 'আমার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কি কারণে আমার ভাইকে এইভাবে হত্যা করা হলো জানি না। আমি আমার ভাই হত্যার বিচার চাই।'
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, বালি চাপা অবস্থা থেকে নিহত ইউনুসের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখন কিছু বলা যাচ্ছে না। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।'
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৭ টায় ইউনুস বিবিরহাট বাজারে বাজার করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলেও আর ফিরে আসেনি। রাতে তাকে ফিরতে না দেখে পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলেও ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেন ইউনুসের স্ত্রী জনি আক্তার।