ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই আবুল কাশেমকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করে তামান্না আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। গত শুক্রবার রাতে মামলাটি করা হয়।
থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার আমতলী (জব্বর আলীর মোড়) এলাকার একটি বাড়ি নিয়ে সৌদিপ্রবাসী আরিফুল ইসলাম ও তার প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আরিফুল ইসলামের পরিবার ওই বাড়িতে বসবাস করে আসছেন। গত শুক্রবার সন্ধ্যায় আবুল কাশেম, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, আজিজ, জিল্লুর রহমান, আবদুর রউফ, মতিউর রহমানসহ অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জন ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট করে। এতে চারজন নারী আহত হন। তারা হলেন আরিফুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার, শাশুড়ি হাফেজা খাতুন, বোন ফাতেমা খাতুন, কুলসুম আক্তার। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। আহতদের মধ্যে তিন নারীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলার বাদী তামান্না আক্তার বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই আবুল কাশেমের নেতৃত্বে আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ সময় হামলাকারীরা টাকা, স্বর্ণালঙ্কারসহ দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং লক্ষাধিক টাকার মালামাল ভাঙচুর করে।
আবুল কাশেম বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। যতটুকু জানি আরিফুল ইসলাম ওই বাসায় ভাড়া থাকত। দুই মাস যাবৎ ভাড়া না দিয়ে বাসার মালিকানা দাবি করছে। ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।