ঠাকুরগাঁওয়ে শ্রাবণী হত্যার বিচার দাবি

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী শ্রাবণী রায় হত্যাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রাবণীর বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তারা এ ঘটনায় অভিযুক্ত সোহাগ বর্মণের দ্রুত কঠোর শাস্তির দাবি করেন। সেই সঙ্গে যদি অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, প্রফেসর মনতোষ কুমার দে, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহকারী শিক্ষিকা প্রীতি গাঙ্গুলীসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।

প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে বাড়ির ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্কুল ছাত্রী শ্রাবণী রানী রায়কে হত্যা করা হয়।