জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

ঐতিহাসিক সাতই মার্চে টানা ছয় বছর ধরে জয় বাংলা কনসার্ট আয়োজন হয়ে আসছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। তবে মুজিববর্ষ উপলক্ষে ভিন্নমাত্রার এবারের কনসার্টেই প্রথমবারের মতো উপস্থিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার দুপুর থেকে কনসার্ট চলার মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে স্থাপিত ভিআইপি গ্যালারিতে বসেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে এদিন গ্যালারিতে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ হোসেন এবং নাতি ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক কনসার্টে উপস্থিত ছিলেন।

সিআরআইর ইয়াং বাংলা এই কনসার্ট আয়োজন করে থাকে। দুপুর দেড়টার পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জয় বাংলা কনসার্ট। এরপর একে একে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল ইনট্রোয়েট, অ্যাডভার্ব, সিন, এফ মাইনর, মিনার রহমান, অ্যাভয়েড রাফা, শূন্য। এর মধ্যে দেখানো হয় সিআরআইর কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র। গান পরিবেশনের পাশাপাশি সন্ধ্যার আগ থেকে শুরু হয় আতশবাজির ঝলকানি। সন্ধ্যা ৭টার দিকে বড় স্ক্রিনে দেখানো হয় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের রঙিন ভিডিও।

বিকেলে সিআরআইর ট্রাস্টি নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘এই কনসার্টের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজ যখন কনসার্টের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে, তখন এই হাজার হাজার তরুণ তাতে গলা মেলাবে। আমরা এই তরুণদের সঙ্গেই সংযোগ স্থাপন করতে চাই।’

কনসার্ট উপভোগে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সিআরআইর ট্রাস্টি নাহিম রাজ্জাক।