সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘রাজনীতিটা এমন সর্বগ্রাসী হয়েছে যে ধর্ম, শিক্ষা, আইন ব্যবস্থা- সবকিছুই গিলে খেয়েছে। সঙ্গে গণমাধ্যমকেও গ্রাস করেছে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ত্বকী হত্যা ও বিচারহীনতার ৭ বছর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘সাত বছর পার হলেও ত্বকী হত্যার বিচার হয়নি। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু ত্বকী হত্যারই নয় আরও যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোরও বিচার চাই।’
গোলটেবিল বৈঠকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ড একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তার বাবাকে শায়েস্তা করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই রাষ্ট্র ও সমাজ চাইনি।’
ত্বকী মঞ্চ আয়োজিত বৈঠকে সাবেক সচিব শফিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও সাংবাদিক মিজানুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।