ইতালির কমপক্ষে ১.৬ কোটি নাগরিককে বাধ্যতামূলক ‘কোয়ারেন্টিনে’ থাকতে হচ্ছে। এই অবস্থা এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি থাকবে।
বিবিসি জানায়, মূলত লম্বার্ডি অঞ্চল এবং দেশটির উত্তর ও পূর্বের ১১টি প্রদেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যে করোনাভাইরাসের নাটকীয় প্রাদুর্ভাবের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিমনেশিয়াম, পুল, মিউজিয়াম ও স্কি রিসোর্টগুলো।
ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপভাবে করোনা আক্রান্ত করেছে ইতালিকে। বিশেষ করে শনিবারে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের যে কোনো দিনকে ছাড়িয়ে গেছে। নতুন সিদ্ধান্ত বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসে রবিবার থেকে বলবৎ হতে পারে, কড়াকড়ি চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
বর্তমানে করোনায় ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে অর্ধশতের বেশি। শনিবার আক্রান্তের সংখ্যা ১২শ’ থেকে ৫ হাজার ৮৮৩-তে দাঁড়ায়।
কোয়ারেন্টিন সম্পর্ক সরকারি নির্দেশনার খসড়া প্রকাশ করেছে ইতালির স্থানীয় দৈনিক ক্যারিয়ার ডেলা সেরা।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ইতালি। তখন বলা হয়, মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়।
কয়েক দিন আগে একটি ভিডিওতে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানান, দর্শক ছাড়াই পেশাদার ফুটবল ম্যাচ ও বড় খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না।
শেষকৃত্যের অনুষ্ঠানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশিকা মেনে চলতে নাগরিকেরা দায়িত্বশীল আচরণ করবে বলে তিনি আশা করেন।