জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক মাহমুদউল্লাহরা

টেস্ট এবং ওয়ানডে সিরিজে জয় এসেছে সহজেই। সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে যা একটু প্রতিরোধ গড়েছিল জিম্বাবুয়ে। অন্য ম্যাচগুলোতে স্বাগতিকদের ছিল একচ্ছত্র দাপট। টি-টোয়েন্টিতেও যে দাপট ধরে রাখাই লক্ষ্য টাইগারদের। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকার কথাও।

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি মিশন শুরুর আগে রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় টেস্ট ও ওয়ানডে সিরিজে সহজ জয় পেলেও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কথাই জানান মাহমুদউল্লাহ।

টাইগার অধিনায়ক বলেন, ‘যার সাথেই খেলেন না কেন, প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। যেহেতু টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজ আমরা খুব ভালো ক্রিকেট খেলেই জিতেছি। তারপরও আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে এই ফরম্যাটে বেশ শক্তিশালী দল। তাদের ব্যাটিং অর্ডার ও বোলিং অর্ডার বেশ ভালো। আমাদেরও ভালো ক্রিকেট খেলতে হবে এবং পজিটিভ মনোভাব নিয়েই খেলতে হবে।’

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ দেয় টাইগাররা। প্রথম ওয়ানডেতে ১৬৯ রানে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ৪ রানে জয় তুলে নেয় স্বাগতিকেরা। অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার শেষ ওয়ানডেতে বাংলাদেশ জয় ১২৩ রানে (বৃষ্টি আইনে)।

টি-টোয়েন্টিতেও তাই বাংলাদেশই ফেভারিট। তবে প্রতিপক্ষকে সহজ ভাবতে চান না অধিনায়ক মাহমুদউল্লাহ। বলেন, ‘এখন আমরা প্রতিটা খেলাই যদি সহজ অপশন নিয়ে নেই, সেটা হয়তো আমাদের জন্য খারাপ হবে। এটাও আমাদের সতর্ক থাকতে হবে।’