‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা। এ নিয়ে দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে সর্বদলীয়ভাবে শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দেওয়া হয়েছিল। এটি গৌরবের ও সর্বজনীন।’
গত শনিবার রাতে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তার সাবেক ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হবিগঞ্জের কৃতী সন্তান ড. ফরাস ১ ঘণ্টা ১৪ মিনিটের একক ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭২ সালে দেশে ৮০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। বর্তমানে এ হার ২০ শতাংশে নেমে এসেছে।
পরে তিনি বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক নূরুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা।