শেরপুরে স্কুল থেকে হাসপাতালে ছয় শিক্ষার্থী

শেরপুরের এক স্কুলের ছয় ছাত্রী অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রবিবার দুপুরে চরশেরপুর কবি নজরুল একাডেমিতে স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে। অসুস্থদের রোগ নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা।

স্কুল কর্র্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, দুপুরে অ্যাসেম্বলির পর স্কুল চলাকালীন হঠাৎ করেই নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের এক শিক্ষকের বাসায় নেওয়া হয়। পরে দশ মিনিটের ব্যবধানে ষষ্ঠ শ্রেণির একজন এবং অষ্টম শ্রেণির চার ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এতে স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চরশেরপুর কবি নজরুল একাডেমির পরিচালক রফিকুল ইসলাম বলেন, অ্যাসেম্বলির পর আমরা অভিভাবকদের নিয়ে মিটিং করি। এ-সময় খবর পাই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের হাসপাতালে ভর্তি করার পর এখন সুস্থ আছে। শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন বলেন, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।