রাজশাহীতে বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ নববধূ সুইটি খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি-গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে।
তার লাশ পাওয়ার মাধ্যমে পদ্মায় নৌকাডুবির ঘটনার উদ্ধার অভিযানের সমপ্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
তিনি বলেন, গত শুক্রবার রাতে নৌকাডুবির পর থেকেই তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।
এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে একজনের লাশ সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছিল। সোমবার সাকালে নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল। এখন এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো।
রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
তিনি বলেন, এই তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ রাখা হয়েছে। এর মধ্যে মাছ ধরা নৌকা ও বিনোদনের নৌকা আলাদা করা। মাঝিদের প্রাপ্তবয়স্ক হওয়া। যাত্রী সংখ্যা নির্ধারণ করে দেওয়া। সন্ধ্যর পর কোনো নৌকা চলাচল না করাসহ বেশকিছু সুপারিশ আনা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যার রাজশাহীর পবা উপজেলার খিদিরপুরে বর রুমন আলীর বাড়িতে বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর নববধূ সুইটি খাতুনসহ তার চাচা শামীম, চাচাতো বোন রোশনী, দুলা ভাই রতন, খালা আঁখি খাতুন, ফুফাতো বোন রুবাইয়া ও খালাতো ভাই এখলাসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সর্বমোট ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।