রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র অভিযুক্ত হারুন-উর রশিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
এর আগে কারাগার থেকে আসামি হারুনকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ৫ জুলাই সন্ধ্যায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নির্মাণাধীন একটি ভবন থেকে সামিয়া আফরিন সায়মা নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। সায়মা স্থানীয় সিলভারডেল নামে একটি বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরদিন ৬ জুলাই সামিয়ার বাবা আবদুস সালাম ওয়ারী থানায় মামলা করেন। পরে ৭ জুলাই কুমিল্লা থেকে আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩০ অক্টোবর আসামি হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিমের প্রধান আরজুন।