সৌরভ গাঙ্গুলি নির্ধারিত সময়ে আইপিএল শুরুর প্রতিশ্রুতি দিলেও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে করোনার এই সময়ে আইপিএল চান না। খবর ইন্ডিয়া টুডের।
রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এক জায়গায় হাজার হাজার মানুষ জমা হলে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। আইপিএলের মতো ইভেন্টের ক্ষেত্রে সেটাই বড় সমস্যা। তাই আমার মতে টুর্নামেন্টটি আরও কিছুদিন পরে আয়োজিত হোক।’
আগামী ২৯ মার্চ মহারাষ্ট্রে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মুম্বাই ও চেন্নাইয়ের। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, নির্ধারিত সূচিতেই আইপিএল অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা নিয়ে সতর্ক করা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিকেও।
মহারাষ্ট্র সরকার বলছে, এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। আইপিএল আদৌ স্থগিত হবে কি না তা শিগগিরই জানানো হবে।
খেলার দুনিয়ায় ইতিমধ্যে প্রভাব ফেলেছে করোনা। ইতালিতে যেমন বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ, তেমনই দিল্লিতে স্থগিত হয়েছে শুটিং বিশ্বকাপ। করোনার কবল থেকে বাদ পড়েনি ফুটবল, রাগবিও। সেই তুলনায় ক্রিকেটে এর প্রভাব কম পড়েছে। এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়নি।