সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় পুলিশ রিপন হোসেন নামে এক প্রতিবেশী যুবককে আটক করেছে। পুলিশ ঘটনার অধিকতর তদন্তে সেখানে অবস্থান করছে। তদন্তে শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
গৃহবধূর ভাই আকবর সরদার জানান, তার বোন সোনাভান (৪৫) ও ভগ্নিপতি বদরুজ্জামান দুই বছর আগে কাকডাঙ্গা এলাকায় (সোনাভানের বাবারবাড়ি) বাড়ি করার পর থেকে প্রতিবেশী মোহাম্মদ শহিদুল্লাহ ও তার স্ত্রী ছেলেমেয়েরা সব সময় জমিজমা বিষয়ে ঝগড়াঝাঁটি করতেন। এই বিরোধের জের ধরেই তার বোন সোনাভানকে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পাশে গাছের নিচে রাখা হয়।
সংশ্লিষ্ট কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন জানান, এ ঘটনায় প্রতিবেশী শহীদুল্লাহ, হাসানুর রহমান ও রাজু হোসেন পলাতক রয়েছে। আটক হয়েছে শহীদুল্লাহ’র ছেলে রিপন হোসেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করেছে পুলিশ।