দিনাজপুরের সদর উপজেলার মাতাসাগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী মো. হবিবর রহমান (৫৫) নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে মাতাসাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হবিবর রহমানের বাড়ি শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. বজলুর রশিদ জানান, সোমবার সকালে মাতাসাগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল হবিবর রহমান নামের ওই লোককে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।