দুবাই থেকে ফিরে উধাও যাত্রী, করোনা আতঙ্কে ভারত

দুবাই থেকে ফেরার সময় বিমানবন্দরে পরীক্ষার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া এক ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না ভারতের পুলিশ। ওই ব্যক্তির বাড়িতে ২৪ ঘণ্টার নজরদারি চলছে। সম্ভাব্য যেখানে যেখানে যেতে পারেন, সেই সব জায়গার পুলিশকেও সতর্ক করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি রবিবার দুবাই থেকে ম্যাঙ্গালুরু বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর ম্যাঙ্গালুরু জেলা হাসপাতালে যেতে বলা হয় তাকে।

কর্ণাটক স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওই ব্যক্তির হাঁচি-কাশির উপসর্গ ছিল। তাকে জেলা হাসপাতালে পরীক্ষার জন্য যেতে বলা হয়। ১৪ দিনের জন্য ‘কোয়ারেন্টাইন’ বা আলাদা থাকতে হবে কি না, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানালে সেই মতো ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু ওই হাসপাতালে তিনি যাননি।

ভারতে এখনও পর্যন্ত করোনাভাইরাস নিশ্চিত হয়েছে ৪৩ জনের। মোট ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। তবে বড় একটা অংশ সুস্থও হয়ে উঠছেন।