করোনাভাইরাস আতঙ্কে বিশ্বব্যাপী অনেক খেলাই স্থগিত করা হচ্ছে। দর্শকশূন্য গ্যালারিতেও খেলা হচ্ছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচেও সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট বিক্রি করা হচ্ছে সীমিত আকারে।
সোমবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, একজন দর্শক একটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না।
মিরপুর স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। তবে ৪-৫ হাজারের বেশি টিকিট এদিন বিক্রি করা হবে না।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের সতর্ক হওয়া দরকার। এই সতর্কতা অবলম্বন করতেই আমরা সীমিত আকারে টিকিট বিক্রি করছি। একজন দর্শক একটির বেশি টিকিট কিনতে পারবে না। আশা করি দর্শক কম হলেও অন্য কোনো সমস্যা হবে না।’
এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এক শর বেশি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর আসে।
করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচও স্থগিত করা হয়েছে। ২৬ মার্চ ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের। এ ছাড়া আর্চারি, ভলিবল, সাইক্লিংয়ের আন্তর্জাতিক আসরও স্থগিত হয়েছে।