মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ সম্পর্কে ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মাছুম বিল্লাহ ওরফে সোহাগ নামে এক যুবককে আটক করেছে সিংগাইর থানা-পুলিশ।
সোমবার ভোরে শ্যামনগর থানা-পুলিশের সহায়তায় সিঙ্গাইর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে পুলিশ দল ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করে।
সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মমতাজের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সত্তার মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।