দিনাজপুরের পার্বতীপুরে একটি খালি ট্যাংকলরি ঝালাই করার সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পার্বতীপুর বাস টার্মিনাল মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাস টার্মিনাল এলাকার মেসার্স মা মোটরসের মালিক ইব্রাহিম খলিল (৪০), নিউ শাপলা ডেকোরেটর মালিক আনিছুর রহমান মিঠু (৩৫) ও লরি হেলপার সাগর (৩৫)। অবস্থা গুরুতর হওয়ায় সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পার্বতীপুর বাস টার্মিনাল মোড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত লরির সামনের অংশ একটি দোকানে গিয়ে আঘাত করে। পেছনের অংশটি পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনে আঘাত করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অংশ প্রায় ২০০ মিটার দূরে একটি জলাশয়ে গিয়ে পড়ে। খণ্ডিতাংশ যদি পাশের রেলহেড অয়েল ডিপোর অভ্যন্তরে মজুদ ট্যাংকে আঘাত করত, তাহলে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। পার্বতীপুর মডেল থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, খালি ট্যাংকলরি গ্যাস ঝালাইয়ের সময় লরির তলানির পেট্রলে আগুন লেগে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আযম খান বলেন, রেলহেড ডিপো একটি কেপিআই প্রতিষ্ঠান। এর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। তবে আজকের ঘটনা এতটা ভয়াবহ হবে ধারণা করা যায়নি।