নারীর অন্তরঙ্গ ছবি ফেইসবুকে, সাবেক স্বামী গ্রেপ্তার

সাবেক স্ত্রীর (২২) অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় বিরামপুর থানার পুলিশ আবদুল্লাহ্ আল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আবদুল্লাহ্ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। পুলিশ গতকাল সোমবার আবদুল্লাহ্কে দিনাজপুর আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালে আবদুল্লাহ্ আল হাসান এবং হাকিপুর উপজেলার ওই নারী জয়পুরহাট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ওই বছর আবদুল্লাহ্ চীনে চলে যান। সেখানে গিয়ে আবদুল্লাহ্ নেশাগ্রস্ত হয়ে পড়েন। মাঝেমধ্যে চীন থেকে দেশে এলে স্ত্রীকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে ওই নারী ২০১৮ সালের ১৩ আগস্ট আবদুল্লাহ্কে তালাক দেন। এরপর থেকে আবদুল্লাহ্ ওই নারীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। স্ত্রী থাকাকালে আবদুল্লাহ্ ওই নারীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও ধারন করেন। কিছুদিন আগে আবদুল্লাহ্ একাধিক আইডি থেকে ওই ছবি ছড়িয়ে দেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মামলার পর তার নেতৃত্বে পুলিশের একটি দল গত রবিবার রাতেই আবদুল্লাহ্কে গ্রেপ্তার করে।