নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩ হাজার ৫০১ শিশু শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গতকাল সোমবার দুপুরে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৮১০ শিক্ষার্থীর হাতে ব্যাগ তুলে দেন প্রধান অতিথি নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী আঞ্চলিক কর্মসূচি কার্যালয়ের ব্যবস্থাপক অরবিন্দ সিলভেস্টার গোমেজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামাণিক, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শান্তি পদ রায়, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রভাষ রায় ও ইউনিয়ন পরিষদ সচিব নুর ইসলাম।